| লেখক | প্রফেসর ড. আ. ছ. ম. তরিকুল ইসলাম |
| প্রকাশনী | |
| সংস্করণ | April 29, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 80 |
| Cover Type | Unknown Cover |
হিজরী বর্ষের প্রথম মাস মুহাররাম মাস। এ মাসের দশ তারিখকে আশূরা বলা হয়। এ দিনটি ইসলামী ঐতিহ্যের অবিচ্ছেদ্য অঙ্গ। বিশ্ব ইতিহাসে দুর্দান্ত প্রতাপশালী অত্যাচারী শাসক হিসেবে পরিচিত ফিরা‘উন এই তারিখেই আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলার বিশিষ্ট রাসূল মূসা (আ)-এর বাহিনীর বিরুদ্ধে অংশ নেওয়া যুদ্ধে মারাত্মকভাবে পরাজিত হয়। নিজের বাহিনীর সকলকে নিয়ে সলিল সমাধির মধ্য দিয়েই তাদের অত্যাচারের পরিসমাপ্তির এই ইতিহাস বিশ্ববাসী এই দিনে তৃপ্তির সাথেই উপভোগ করেছিল। ইসলাম অত্যাচারীর এই দাম্ভিক পরিণতিকে মহান আল্লাহর শোকরিয়া আদায়ের মাধ্যম হিসেবে গ্রহণ করে এই দিনে মুসলিম উম্মাহর জন্যেও সিয়াম পালনের বিশেষ ব্যবস্থার প্রচলন রেখেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, এই দিনকে নিয়ে মুসলিমদের মধ্যে মারাত্মক বিভ্রান্তি ছড়িয়ে রয়েছে। এ দিনের মর্যাদা রসালো করে উপস্থাপনের লক্ষ্যে আজেবাজে ও জাল হাদীস দিয়ে অলংকৃত করার অপপ্রয়াস যুগ যুগ ধরে অব্যাহতভাবেই চলছে। অনেকগুলো বিভ্রান্তির বলয় তৈরি হয়েছে এই আশূরাকে কেন্দ্র করে। কাকতালীয়ভাবে ইতিহাসের এক বিশেষ সন্ধিক্ষণে কোনো এক আশূরার দিনে ইরাকের কারবালা নামক স্থানে এক হৃদয়বিদারক ঘটনা সংঘটিত হয়। ঐ দিনে রাসূলুল্লাহ -এর আদরের অন্যতম দৌহিত্র হুসায়িন (রা) তার পরিবার-পরিজন নিয়ে যালিমের হাতে মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করেন। আশূরার মূল দর্শনের সাথে এই ঘটে যাওয়া ঘটনার কোনো সম্পর্ক থাকার কথা না থাকলেও একদল বিভ্রান্ত লোকের অপতৎপরতার কারণে এই দিনের ইতিহাস ও হৃদয় বিদারক প্রেক্ষাপটকে আশূরার সাথে জুড়ে দিয়ে এ ঐতিহ্যকে ভিন্ন ধারায় প্রবাহিত করার অপচেষ্টা চালানো হয়েছে, যা আশূরার মৌলিক দর্শনের সাথে কোনোভাবে যায় না। একদিকে এর ইতিহাস-ঐতিহ্য বিভ্রান্তির ছোবলে ক্ষতবিক্ষত, অপরদিকে বাতিলপন্থিদের মাধ্যমে এর মর্যাদা বাড়ানোর অপচেষ্টার পদক্ষেপ হিসেবে একে কেন্দ্র করে অসংখ্য জাল হাদীসের ছড়াছড়িও বিশেষভাবে লক্ষণীয়। সে কারণে অনেক মুসলিম আশূরার বিশুদ্ধ চিন্তাচেতনা অনুশীলন করা থেকে বহুদূরে ছিটকে পড়েছে। সেই কারণেই আশূরার বিশুদ্ধ অবস্থা তুলে ধরা আজ সময়ের অনিবার্য দাবি হয়ে দাঁড়িয়েছে। সেই পরিপ্রেক্ষিতে বোদ্ধা পাঠক সমাজের নিকট আশূরার সঠিক পরিচিতি ও শার‘ঈ দৃষ্টিতে এ দিনে করণীয় ও বর্জনীয় তুলে ধরার উদ্দেশ্যে আমাদের এই বই রচনার ক্ষুদ্র প্রয়াস। এ কেন্দ্রিক বিভ্রান্তি ও এ প্রসঙ্গে ছড়িয়ে যাওয়া জাল হাদীসগুলোও এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এর শিরোনাম নির্ধারণ করা হয়েছে ‘বিভ্রান্তির বেড়াজালে আশূরা’। আমরা আশা করছি, সংক্ষিপ্ত এই বইয়ের মাধ্যমে আমাদের চিন্তাশীল পাঠক বন্ধুরা আশূরা সম্পর্কে বিশুদ্ধ চিন্তা-চেতনা লালনের নির্দেশনা পাবেন।